
ছবি: পিএমও
দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে দেশের মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছিল, তেমনি দেশের কল্যাণেও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন দল-মত নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি সম্প্রতি দেশের মানুষও সম্মিলিতভাবে স্বৈরাচারকে বিদায় করেছে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সবাই মিলে কাজ করলে তার সুফলও সবাই ভোগ করবে।
পরে একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এ দায়িত্ব সবার। তিনি দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ বাড়ি, আশপাশের এলাকা, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে সামগ্রিকভাবে দেশের পরিবেশ ভালো থাকবে।
সাগরদী খালের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, খালটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, খালের আশপাশে বসবাসকারী মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি খালে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ বিভিন্ন বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, যারা এখানে বেড়াতে আসবেন তারা যেন নির্ধারিত ময়লার বিন ব্যবহার করেন এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করেন।
সিটি করপোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, খালের পাশে ময়লার বিন ব্যবহারের বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো উচিত, যাতে দর্শনার্থীরা বর্জ্য যথাস্থানে ফেলেন এবং খাল পরিচ্ছন্ন থাকে।
এ সময় খালের সঙ্গে সংযুক্ত একটি পাইপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাসাবাড়ির ব্যবহৃত পানি বা সুয়ারেজ লাইনের সংযোগ খালে না দিয়ে আলাদা ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে পরিবেশ ও পানিদূষণ কমবে।
প্রধানমন্ত্রী বলেন, নিজের ঘর যেমন পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তেমনি নিজের এলাকা ও দেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। অন্য দেশের পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যরা খালের দুই পাড়ে গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। পরে শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।