News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
বঙ্গলোক ডেস্ক National 2026-07-11, 7:44pm

বন্যাকবলিত মানুষের পাশে সরকার, উদ্ধার-ত্রাণে সর্বোচ্চ গুরুত্ব: মাহদী আমিন

image-322916-1783775700-77490d8be74cc91a2294e934adf911391783777499.jpg

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি


দেশের চলমান বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নিজে এবং তাঁর টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, শুক্রবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া রোববার দেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি জানান, উদ্ধার কার্যক্রমে ইউএনও, জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা মাঠপর্যায়ে কাজ করছেন। পাশাপাশি, বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা মাঠপর্যায়ে কাজ করছেন।

ত্রাণ সহায়তা প্রসঙ্গে মুখপাত্র বলেন, জরুরি ভিত্তিতে ২ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে চাল ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে কাজ চলছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, সীমান্তবর্তী অঞ্চলে বিজিবি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানি নেমে যাওয়ার পর দ্রুত সড়ক ও রেলপথ সংস্কারের জন্য এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি, গৃহস্থালী ও গবাদিপশুর খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। বর্তমানে চালু থাকা এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোথাও কোথাও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও সংযোগ স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা কাজ করছেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন—এই তিনটি ধাপকে কেন্দ্র করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় কাজ করছে এবং এসব উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।