News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
বঙ্গলোক ডেস্ক News 2026-07-04, 8:34pm

এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজারের বেশি

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1783175685.jpg


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও কোনো পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভাষ্য অনুযায়ী, পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল সন্তোষজনক।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২০টি কেন্দ্রে নিবন্ধিত ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে ১৯ হাজার ৬৩৯ জন অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা ও বরিশাল বোর্ডে দুজন করে এবং দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে বহিষ্কার করা হয়।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির সংখ্যায় ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৪ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর অনুপস্থিতির হারে শীর্ষে ছিল বরিশাল শিক্ষা বোর্ড, যেখানে হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লায় ১ হাজার ৯৫৬ জন, যশোরে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রামে ১ হাজার ৬৯০ জন, সিলেটে ১ হাজার ২৭৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬ দশমিক ১৭ শতাংশ। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের কারণে ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ৬১১টি কেন্দ্রে নিবন্ধিত ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ২৬৩ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৩ জন পরীক্ষার্থীকে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবার কেন্দ্রীয় সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া যানজটের কারণে কোনো পরীক্ষার্থী যাতে সমস্যায় না পড়েন, সে জন্য সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করার নির্দেশনা কার্যকর রাখা হয়।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ৭৭টি বিষয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে। এ ছাড়া পরীক্ষা না থাকা দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।