
ছবি- সংগৃহীত
ফিলিস্তিনি ইসলামপন্থি সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বেসামরিক প্রশাসনের দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলো।
হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা সোমবার বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। একই সঙ্গে গাজা প্রশাসনের জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে প্রশাসনিক ও সরকারি দায়িত্ব হস্তান্তর সহজ করতে বিদ্যমান প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুদ্ধ-পরবর্তী সময়ে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে এনসিএজি গঠন করা হয়। এ উদ্যোগে মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 'বোর্ড অব পিসও'ও ভূমিকা রাখে।
হামাসের এই পদক্ষেপকে গাজার প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।