
ছবি- সংগৃহীত
২০২৭ সালের হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ২০২৭ সালের হজে অংশগ্রহণে আগ্রহীদের ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। একই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তার কাছে হজের রোডম্যাপ তুলে দেন।
রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে।